নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রমজান আসতে এখনো বেশ কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে ছোলার বাজারে দাম বাড়ানোর পাঁয়তারা শুরু হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে প্রায় ১০ থেকে ১৫ টাকা। ছোলার পাশাপাশি বেড়েছে ছোলার ডালের দামও। আগেভাগে দাম বাড়ায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৬, ৬০ ফিট এলাকার বাজারগুলোতে নিত্যপণ্যের দামের খোঁজ নিয়ে ছোলার বাজারে এমন পরিস্থিতি দেখা গেছে।
ঢাকার বাজারে বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। গত সপ্তাহেও প্রতি কেজি ছোলার দাম ১০০ টাকার মধ্যে ছিল। একইভাবে ছোলার ডালের দাম বেড়ে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।
কৃষি বিপণন অধিদফতরের ৬ নভেম্বরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে ছোলার গড় খুচরা দাম ১০৪ টাকা ৫০ পয়সা। সর্বনিম্ন দাম ১০২ টাকা এবং সর্বোচ্চ ১০৭ টাকা।
মিরপুর ৬০ ফিট এলাকার মুদি দোকানদার মো. আল আমিন বলেন, পাইকারি আড়তদাররাই এখন ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে যে ছোলা ৯২ থেকে ৯৫ টাকা কেজি দরে কেনা হয়েছে, সেটি এখন পাইকারিতে ১০২ থেকে ১০৫ টাকা পড়ছে। রমজান আসার আগেই পাইকারি বাজারে দাম বাড়ানো শুরু হয়েছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাইনুল ইসলাম বলেন, রমজান আসতে এখনো কয়েক মাস বাকি। এর মধ্যেই ছোলার দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক। প্রতি বছর রমজানকে সামনে রেখে আগেভাগেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। এতে সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এএইচ/এফএ