নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
শীতের আগমনী বার্তা মিলছে রাজধানীর সবজির বাজারে। বাজারে বাড়তে শুরু করেছে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ। এতে এসব সবজির দাম কমে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে মৌসুমি সবজির এই স্বস্তি এখনো পুরো বাজারে ছড়ায়নি। টমেটো, কাঁচামরিচ ও গাজরের মতো পণ্যের দাম চড়া। মাছ-মাংসের বাজারেও নেই উল্লেখযোগ্য পরিবর্তন।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম তুলনামূলক কমেছে। খুচরা বাজারে প্রতি কেজি ধুন্দল, ঝিঙা ও মেটে আলু ৬০ টাকায় মিলছে। শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকায়।
তবে সবজির বাজারে এখনো দামের ভিন্নতা রয়েছে। জাত ও আকারভেদে বেগুনের কেজি ৪০ থেকে ৭০ টাকা হলেও গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। টমেটো ও কাঁচামরিচের কেজি ১২০ টাকা করে। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়শ ও কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা সবজি আহমেদ বলেন, শীতকালীন সবজির সরবরাহ এখন অনেক বেড়েছে। এ কারণে বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে সরবরাহ আরও বাড়লে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।

একই বাজারের আরেক বিক্রেতা সুমন হাওলাদার বলেন, শীতের সবজি আসতে শুরু করায় আগের তুলনায় দাম কমেছে। এখনো সব ধরনের শীতকালীন সবজি পুরোপুরি বাজারে আসেনি। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। ফুলকপি ও বাঁধাকপি এখন আকারভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি হিসেবে এসব সবজির দাম ৬০ টাকা।
সবজির তুলনায় মাছের বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর নেই। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাতলা প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। কোনো কোনো বাজারে বড় আকারের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।
এদিকে ডিমের দামে কিছুটা স্বস্তি রয়েছে বলে জানিয়েছে গ্রাহকরা। রাব্বি নামের এক গ্রাহক ঢাকা মেইলকে জানান, যেখানে ডিমের দাম প্রায় দেড়শ টাকা ডজন ছিল তা এখন কমে ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
দোকানিরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় ডিমের দাম অনেকটা কমে এসেছে।
এমআর/এএস