Dhaka Mail Logo

অর্থনীতি

ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনেও চালু হলো বাংলা কিউআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত করতে দেশে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) অর্থ স্থানান্তর সেবা। 

এখন থেকে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে অর্থ পাঠাতে পারবেন। এতে টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না।

রোববার (১ নভেম্বর) থেকে নতুন এ সেবা চালু হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান করে প্রাপকের প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করা যাবে। নতুন এ সেবার ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে দৈনন্দিন ছোটখাটো আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়াতে এটি ভূমিকা রাখবে।

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন ব্যবস্থায় অর্থ পাঠানোর জন্য প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর মনে রাখা কিংবা টাইপ করার ঝামেলা থাকছে না। কেবল কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করে অর্থ পাঠানো যাবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।

টিএই/এএইচ