নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সীমিত ও মধ্যম আয়ের পরিবারগুলোকে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সবজি ও মসলাসহ প্রয়োজনীয় পণ্য কিনতেই ব্যয় হচ্ছে আয়ের বড় অংশ। ফলে বাজারের তালিকা ছোট করতে হচ্ছে অনেককে। কেউ কম পরিমাণে পণ্য কিনছেন, আবার কেউ প্রয়োজন থাকা সত্ত্বেও কিছু পণ্য বাদ দিচ্ছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৬, মিরপুর ৬০ ফিটসহ বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। তাদের অভিযোগ, পাইকারি বাজারে কয়েকটি পণ্যের দাম কমার তথ্য পাওয়া গেলেও খুচরা বাজারে সেই স্বস্তি পুরোপুরি মিলছে না। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, পণ্যের কেনা দাম ও অন্যান্য খরচের ওপর নির্ভর করে খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করতে হয়।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিত্যপণ্যের দাম নিয়ে তাদের প্রধান উদ্বেগ হলো- সীমিত আয়ের সঙ্গে বাড়তি ব্যয়ের সামঞ্জস্য রাখা। তাদের প্রত্যাশা, বাজার তদারকি জোরদারের পাশাপাশি পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধানের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্গিস আক্তার। তিনি বলেন, ‘বাজারে গেলে বুঝি, টাকা কত দ্রুত শেষ হয়। বাসা থেকে হিসাব করে আসি, কিন্তু বাজারে এসে দেখি, সেই টাকায় সবকিছু কেনা যাচ্ছে না। কয়েকটি প্রয়োজনীয় জিনিস কিনতেই অনেক টাকা চলে যায়। তখন বাধ্য হয়ে কিছু পণ্য না কিনেই ফিরে যেতে হয়।’
তিনি বলেন, সংসারের খরচ তো কমানো যায় না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে অন্য খরচ কমিয়ে চলতে হয়। কিন্তু সবকিছুর দাম বেশি থাকলে হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে।

গার্মেন্টসকর্মী মাইনুল আহসান বলেন, ‘আমাদের আয় তো নির্দিষ্ট। মাসের শুরুতেই বাড়িভাড়া, খাবার ও অন্যান্য খরচের হিসাব করতে হয়। বাজারে গেলে দেখা যায়, অল্প কিছু কিনতেই অনেক টাকা চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।’
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সীমিত ও মধ্যম আয়ের পরিবারগুলোকে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সবজি ও মসলাসহ প্রয়োজনীয় পণ্য কিনতেই ব্যয় হচ্ছে আয়ের বড় অংশ।
অন্যদিকে, রাজধানীর ৬০ ফিট এলাকার কাঁচাবাজারের বিক্রেতা মোজাফফর হোসেন বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম কমলে খুচরা বাজারেও তার প্রভাব পড়তে পারে। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমে না। কেনা দাম, পরিবহন খরচ ও পণ্যের মানের ওপর বিক্রয়মূল্য নির্ভর করে। আবার কিছু পণ্যের দাম বাড়লে ক্রেতারাও আগের তুলনায় কম কিনতে চান।
এএইচ/এসআই