Dhaka Mail Logo

অর্থনীতি

পর্যটন মেলায় ইউএস-বাংলার টিকিটে ১৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড়

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬ উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে বিশেষ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় টিকিট কিনলে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ ভাড়া ছাড় পাবেন যাত্রীরা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পর্যটন খাতের প্রসার এবং ভ্রমণকারীদের উৎসাহিত করতে এ বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে মেলা থেকে টিকিট কিনলে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আর আন্তর্জাতিক রুটে দেওয়া হচ্ছে ১২ শতাংশ ছাড়। আমরা বিশ্বাস করি, যেকোনো পর্যটক ও ভ্রমণকারীর জন্য এ অফার আকর্ষণীয় হবে।’

তিনি আরও বলেন, ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা চলবে। মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি সফল হবে বলে আশা করছে ইউএস-বাংলা। একই সঙ্গে মেলায় অংশগ্রহণের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম ও অগ্রযাত্রা সম্পর্কেও দর্শনার্থীরা জানতে পারবেন।

টোয়াবের আয়োজনে বৃহস্পতিবার শুরু হয়েছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও টেকসই গন্তব্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। প্রধান বক্তা ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। এ ছাড়া পাকিস্তান, ভুটান ও নেপালের রাষ্ট্রদূতসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় ২০টির বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান।

মেলায় ২০০টির বেশি বুথ ও প্রদর্শনীকেন্দ্রের পাশাপাশি ২২০টির বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এবার মেলায় ২৫০ জনের বেশি সম্ভাবনাময় ব্যবসায়ী ক্রেতা, আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হবে।

মেলার চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা তুলে ধরছে। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়বে, বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং পর্যটন খাতে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

এম/এসআই