নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
নিয়মিত ঋণ পরিশোধ না করায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বে থাকা প্লামি ফ্যাশনস লিমিটেডের বন্ধকী সম্পত্তি নিলামে তুলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।
প্রতিষ্ঠানটির কাছে সুদসহ ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১১২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৬৮৯ টাকা। খেলাপি ঋণ আদায়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত কারখানাটির ৬০ দশমিক ৫০ ডেসিমাল জমি এবং এর ওপর নির্মিত ও নির্মাণাধীন স্থাপনা বিক্রির উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
ব্যাংকটির প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ক্রেতাদের কাছ থেকে সিলমোহর করা দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর বিকেল ৩টার মধ্যে দরপত্র জমা দিতে হবে।
এমটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী বন্ধকী সম্পত্তি বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটির প্রিন্সিপাল শাখা থেকে প্লামি ফ্যাশনসের অনুকূলে দেওয়া ঋণের বিপরীতে এই পাওনা তৈরি হয়েছে।
নিলামের আওতায় থাকা জমির একটির পরিমাণ ২৮ দশমিক ৫০ ডেসিমাল এবং অন্যটির পরিমাণ ৩২ ডেসিমাল। সব মিলিয়ে ৬০ দশমিক ৫০ ডেসিমাল জমিসহ এর ওপর নির্মিত ও নির্মাণাধীন সব ধরনের স্থাপনা বিক্রি করা হবে।
প্লামি ফ্যাশনস দেশের তৈরি পোশাক খাতের একটি পরিবেশবান্ধব কারখানা। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার জন্য আন্তর্জাতিক সনদ পেয়েছে। এমন একটি কারখানার বন্ধকী সম্পত্তি খেলাপি ঋণ আদায়ে নিলামে তোলার উদ্যোগ তৈরি পোশাক খাতের ব্যবসায়ী মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. ফজলুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। বিষয়টির বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে লিখিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
ব্যবসায়ী সম্প্রদায়ের দাবির মুখে গত আগস্টে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ পান পোশাকশিল্পের উদ্যোক্তা মো. ফজলুল হক। তিনি প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে আইসিসি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।
এমআর/এএইচ