Dhaka Mail Logo

অর্থনীতি

এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্বে আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর/এমআর