Dhaka Mail Logo

অর্থনীতি

পর্যটকদের পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম

বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল ও খুচরা বিক্রয়কেন্দ্রসহ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে। বাকি ৮৫ শতাংশ অর্থ টাকায় রূপান্তর করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি বাড়ানো এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করার লক্ষ্যে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় রূপান্তর করতে হবে।

বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

খাতসংশ্লিষ্টদের মতে, নতুন এ সুবিধার ফলে বিদেশি পর্যটকদের সেবা প্রদানকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ সহজ হবে। পাশাপাশি পর্যটন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবে। অন্যদিকে, অর্জিত বৈদেশিক মুদ্রার ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হওয়ায় দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহও বজায় থাকবে।

টিএই/এআরএম