Dhaka Mail Logo

অর্থনীতি

সাত মাসে প্যাকেটজাত পোলাও চালে কেজিতেই বেড়েছে ৯০ টাকা

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

রাজধানীর বাজারে পোলাও চাল কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন ক্রেতারা। সাত মাসের ব্যবধানে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনিগুঁড়া ও কালিজিরা চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ২৩০ টাকায়। অন্যদিকে, মানভেদে খোলা পোলাও চালের দাম ১০০ থেকে ১৯০ টাকা। প্যাকেটজাত চালের বাড়তি দামের কারণে অনেক ক্রেতাকে এখন তুলনামূলক কম দামের খোলা চাল কিনতে হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মিরপুর-৬, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও ও ৬০ ফিটসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

বাজারের দামের চিত্র অনুযায়ী, খোলা পোলাও চালের সর্বনিম্ন মানের ধরনটি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। মাঝারি মানের চালের দাম ১৬০ টাকা এবং তুলনামূলক ভালো মানের চালের দাম ১৯০ টাকা। অন্যদিকে, চাষী, প্রাণ, রূপচান্দা, পুষ্টি ও ফ্রেশসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনিগুঁড়া ও কালিজিরা চালের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ২৩০ টাকা।

গত সাত থেকে আট মাসে খোলা ও প্যাকেটজাত চালের দাম বৃদ্ধির তুলনা করে দেখা যায়, আগে নিম্নমানের খোলা পোলাও চাল কেজিপ্রতি ৮০ টাকায় পাওয়া যেত। এখন সেই চাল কিনতে হচ্ছে ১০০ টাকায়। অর্থাৎ খোলা পোলাওয়ের চালের দাম বেড়েছে ২০ টাকা। বিপরীতে, একই সময়ে প্যাকেটজাত পোলাও চালের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা। ফলে প্যাকেটজাত চালের দাম বৃদ্ধির চাপ তুলনামূলক বেশি পড়েছে ক্রেতাদের ওপর।

পোলাও চালের দাম বাড়ার পেছনে সুগন্ধি চাল রফতানির অনুমোদন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। গত জুন ও জুলাই মাসে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ৩২০ টন সুগন্ধি চাল রফতানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রফতানির সুযোগ দেওয়া হয়েছে।

চাল রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি, দেশে বছরে কমপক্ষে ১০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়। এর বিপরীতে অভ্যন্তরীণ চাহিদা প্রায় চার লাখ টন। ফলে বছরে প্রায় ছয় লাখ টন চাল উদ্বৃত্ত থাকে। উদ্বৃত্ত চালের একাংশ রপ্তানি হলেও দেশের বাজারে সরবরাহ ঘাটতি হওয়ার কথা নয়।

অন্যদিকে, কিছু ব্যবসায়ীর দাবি, আন্তর্জাতিক বাজারে সুগন্ধি চালের চাহিদা বেশি থাকায় দেশের বাজারেও দাম বাড়ছে। এবার প্রতি কেজি চালের সর্বনিম্ন রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। বর্তমান ডলারের বিনিময় হার অনুযায়ী, এর মূল্য কেজিপ্রতি প্রায় ২০০ টাকা।

এএইচ/এএস