নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম
আগের দুই মামলায় ৪ লাখ ৬৭ হাজার ৪৭৩ টাকা জরিমানা পরিশোধ না করেই আবারও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে মৎস্য খামার পরিচালনার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলপুরের এক গ্রাহকের বিরুদ্ধে।
এ ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি নতুন করে ১ লাখ ৪৫ হাজার ৫২৩ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে বিদ্যুৎ আদালতে মামলা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবোর উদ্যোগে উপজেলার চর ভারতী, ভাইটকান্দি এলাকায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. হান্নান সরকার (হাজি) নামের এক বাণিজ্যিক গ্রাহকের অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
অভিযুক্ত গ্রাহকের গ্রাহক নম্বর- ৯০০৫৮৪০৮ এবং প্রিপেইড মিটার নম্বর- ০১০২১১২২২৫৭২। তিনি এর আগেও অবৈধ সংযোগ পরিচালনার অভিযোগে দুটি মামলার আসামি হয়েছিলেন। মামলা দুটি হলো ১২৪/২০২৫ ও ১৯৫/২০২৬। এসব মামলায় ধার্য করা ৪ লাখ ৬৭ হাজার ৪৭৩ টাকা জরিমানা তিনি পরিশোধ করেননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এরপরও সার্ভিস তারে হুকিং করে ছয়টি ১ দশমিক ৫ অশ্বক্ষমতার মোটর ব্যবহার করে অবৈধভাবে মৎস্য খামার পরিচালনা করছিলেন মো. হান্নান। এসব মোটরের মোট বিদ্যুৎ লোড ছিল ৬ দশমিক ৭১৪ কিলোওয়াট।
অভিযানকালে অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত সার্ভিস তার জব্দ করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে বিউবোর ১ লাখ ৪৫ হাজার ৫২৩ টাকা, ভ্যাটসহ, আর্থিক ক্ষতি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২(২), ৩৩(১) ও ৪৪ ধারা অনুযায়ী ময়মনসিংহ বিদ্যুৎ আদালতে মামলা হয়েছে। মামলাটির নম্বর ১০৭৩/২৬। সোমবার (১৯ অক্টোবর) মামলাটি করা হয়।
এমআর/এএইচ