জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের (সিএসবিআইবি) ৪৮তম সাধারণ সভায় বোর্ডের স্থায়ী অফিস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বোর্ডের গঠনতন্ত্র সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা, আয়-ব্যয়ের বাজেট, ব্যালেন্স শিট ও অডিট রিপোর্ট অনুমোদনসহ বিভিন্ন নীতিনির্ধারণী ও কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গত শনিবার (১৭ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। সভা পরিচালনা করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।
সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোর্ডের ২৪টি সদস্যপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সচিবরা সভায় অংশ নেন।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এ ছাড়া সিএসবিআইবির নির্বাহী ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া সদস্যপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক আল-ফালাহ বাংলাদেশ, এনসিসি ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি।
সভায় ইসলামী ব্যাংকিং খাতের উন্নয়ন, কার্যক্রমের সম্প্রসারণ এবং যথাযথভাবে শরীআহ পরিপালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
টিএই/এএইচ