Dhaka Mail Logo

অর্থনীতি

‎২১তম জাতীয় ফার্নিচার মেলা ২৭ অক্টোবর ঢাকায় শুরু

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

‎​বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬।

‎‎দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রফতা‌নি বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এই মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির হল-২, ৩ ও ৪ নম্বরে দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে এবং এতে কোনো প্রবেশমূল্য লাগবে না।

‎‎এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের সর্বাধুনিক পণ্য ও নতুন নকশা প্রদর্শন করবে। আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, পারটেক্স ও রিগালসহ নামী ব্র্যান্ডগুলোর এই মেলায় ক্রেতাদের জন্য ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আইসিসিবির নবরাত্রি হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে।‎

মেলা উপলক্ষে ভার্চুয়াল বৈঠক। ছবি: সংগৃহীত
মেলা উপলক্ষে ভার্চুয়াল বৈঠক। ছবি: সংগৃহীত

‎রফতা‌নি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। এছাড়া উদ্বোধনী দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় দুই লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।‎

‎এই মেলায় কোনো আমদানিকৃত পণ্য থাকবে না এবং এটি সম্পূর্ণ দেশীয় ভোক্তাকেন্দ্রিক। মেলার মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।‎

‎​এজেড