নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির দিনগুলোতে এ কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রফতানি-সংক্রান্ত কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এমআর/এসআই