Dhaka Mail Logo

অর্থনীতি

আজ খোলা থাকবে সব ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ এএম

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। গত ১১ অক্টোবর এ নির্দেশনা জারি করা হয়।

সার্কুলার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের আলোকে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার ও ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এ কারণে ওই তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনা বহাল থাকবে।

দুর্গাপূজার ছুটির দিনগুলোতে এসব শাখা ও উপশাখায় আমদানি-রফতানি-সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

টিএই/এমএইচআর