Dhaka Mail Logo

অর্থনীতি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

ইলেকট্রনিক ভ্যাট (ই-ভ্যাট) ব্যবস্থায় ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট করদাতারা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রণীত তিন কর মেয়াদ সমাপ্তির পর ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধনের লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভ্যাট ব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধন আনতে ই-ভ্যাট সিস্টেমে কিছু কারিগরি ও প্রশাসনিক পরিবর্তন প্রয়োজন।

এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৮৫-এর উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট করদাতারা আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এমআর/এআরএম