নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম
চলতি বছরের প্রথম নয় মাসে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির কর-পরবর্তী নিট মুনাফা ৯ শতাংশ বেড়ে ৮০ কোটি ৭৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৭৪ কোটি ৩৮ লাখ টাকা। প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও আয় ও সম্পদমূল্য বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই আর্থিক প্রতিষ্ঠান।
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের প্রথম নয় মাসের আর্থিক ফলাফল অনুযায়ী, এ সময়ে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩ টাকা ৯৮ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৬৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২ টাকা ৩ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ সম্পদমূল্য ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।
আর্থিক ফলাফল সম্পর্কে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘২০২৬ সালের প্রথম নয় মাসের আর্থিক ফলাফল আমাদের পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। বাজারের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আরও বেশি মানুষের নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গত তিন দশক ধরে দেশে গৃহঋণ কার্যক্রমের মাধ্যমে বাড়ির মালিকানা অর্জনে মানুষকে সহায়তা করে আসছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি প্রচলিত অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইংয়ের মাধ্যমেও আবাসন অর্থায়ন সুবিধা দিয়ে থাকে। এ ছাড়া মেয়াদি আমানত ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবা রয়েছে প্রতিষ্ঠানটির।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১৯টি শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে ডিবিএইচ ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ ধরে রেখেছে। পাশাপাশি প্রতিষ্ঠার পর থেকে খেলাপি ঋণের হার ১ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
এমআর/এএইচ