জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম
একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ পেয়েছে ব্র্যাক ব্যাংক। এ জন্য ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর একটি ধারার বিধান শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটির ১০ শতাংশ বা তার বেশি, তবে ৫০ শতাংশের বেশি নয়— এমন শেয়ারধারী কোনো প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে।
সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একই আইনের ২৩(১)(ককক) ধারার বিধান শিথিল করা হয়েছে। এর ফলে নির্ধারিত শর্ত পূরণকারী শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে। তবে কোনো প্রতিষ্ঠান থেকে তিনজনের বেশি পরিচালক নিয়োগের সুযোগ থাকবে না।
ব্যাংক-কোম্পানি আইনের ২৩(১)(ককক) ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ, প্রচলিত নিয়মে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংকের পর্ষদে একজন প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ওই বিধিনিষেধ শিথিল হলো। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্র্যাক ব্যাংকের ৪৬ শতাংশ শেয়ারের মালিক ব্র্যাক। প্রচলিত আইনে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ ছিল না। এখন বিধান শিথিল করায় ব্র্যাকের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে। তবে এ সংখ্যা সর্বোচ্চ তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
টিএই/জেবি