Dhaka Mail Logo

অর্থনীতি

সারাদেশে সব এলপিজির দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

সারাদেশের সব তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সমিতির সভাপতি সেলিম খান।

সংবাদ সম্মেলনে এলপিজির দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সাত দফা দাবির কথা জানায় এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি না মানলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারাদেশের সব এলপিজির দোকান বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংগঠনটি জানায়, দুই দিনের কর্মসূচিতে দাবি পূরণ না হলে এলপিজির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, ‘বর্তমানে মাত্র ছয় থেকে সাতটি কোম্পানি সক্রিয় রয়েছে। ফলে সারাদেশে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।’

তিনি সরকার বা এলপিজি কোম্পানিগুলোকে এসব সিলিন্ডারে গ্যাস ভরে ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যেন ভোক্তারা ন্যায্যমূল্যে গ্যাস কিনতে পারেন।

পরিবেশকদের দাবি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির দাম ঘোষণার পর কোম্পানিগুলো যেন নিজেরা দাম পরিবর্তন করতে না পারে। পরবর্তী সময়ে দাম সমন্বয়ের প্রয়োজন হলে তা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমেই করতে হবে।

এছাড়া বাজারে পড়ে থাকা হাজার হাজার অব্যবহৃত এলপিজি সিলিন্ডার পুনরায় চালুর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমিতি। তাদের অভিযোগ, অনেক কোম্পানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আবার কিছু কোম্পানি এলপিজি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারছে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অযৌক্তিক জরিমানা ও হয়রানির অভিযোগও তুলেছেন সংগঠনের ব্যবসায়ীরা।

এদিকে সংবাদ সম্মেলন চলাকালে বিইআরসির চেয়ারম্যান তার সঙ্গে যোগাযোগ করে ‘কমিশন ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনা করে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে’- এমনটা জানিয়েছেন বলে দাবি সেলিম খানের।

এএইচ