Dhaka Mail Logo

অর্থনীতি

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

মেয়াদপূর্তির আগেই প্রথমবারের মতো ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনেছে সরকার। দুই বছর মেয়াদি এসব বন্ড বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাইব্যাক নিলামের মাধ্যমে কেনা হয়। সরকারি ঋণের মেয়াদ কাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা বন্ডের সংখ্যা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ওপর এ বাইব্যাক নিলাম অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৬টি বিডের বিপরীতে ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার বিড জমা পড়ে। এর মধ্যে নিলাম কমিটির নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার বিড গ্রহণ করা হয়েছে।

আগে বিক্রি করা বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে সরকারের কিনে নেওয়ার প্রক্রিয়াকে বাইব্যাক বলা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলামের আয়োজন এবারই প্রথম।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ উদ্যোগের মাধ্যমে সরকারের ঋণ ব্যবস্থাপনায় নতুন ও বাজারভিত্তিক পদ্ধতির সংযোজন হয়েছে। এর ফলে সরকারি ঋণের মেয়াদ কাঠামো আরও সুষম হবে। একই সঙ্গে ভবিষ্যতের অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে এবং ঋণের খরচ ও ঝুঁকি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, সামগ্রিকভাবে এ প্রক্রিয়া সরকারের দায় ব্যবস্থাপনা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতে বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের ঋণের কাঠামো বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী আবারও বাইব্যাক নিলাম আয়োজন করা হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সাধারণত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষ হওয়ার পর তা পরিশোধ করা হয়। তবে এবার মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস আগেই বন্ডগুলো কিনে নেওয়া হয়েছে। ফলে ওই এক মাসের সুদ সরকারকে পরিশোধ করতে হবে না।

টিএই/এমআর