Dhaka Mail Logo

অর্থনীতি

এপেক্স স্পিনিং ও ফুডসের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডস। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা করে কোম্পানি দুটি এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সময়ে দুই কোম্পানির মুনাফায় দেখা গেছে ভিন্ন চিত্র। এপেক্স ফুডসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১২২ শতাংশ, বিপরীতে এপেক্স স্পিনিংয়ের ইপিএস কমেছে প্রায় ৬ শতাংশ।

সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

এপেক্স স্পিনিংয়ের ইপিএস কমেছে ৬%

২০২৫-২৬ অর্থবছরে এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরে এই মুনাফা ছিল ৩ টাকা ৬০ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২২ পয়সা বা প্রায় ৬ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ৮৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস কমেছে ৪ টাকা ৩০ পয়সা।

ইপিএস ও এনএভিপিএস কমার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, কর ব্যয়ের মধ্যে কর্মীদের চাকরি সংক্রান্ত সুবিধার দায়ের বিপরীতে বিলম্বিত কর হিসাব করার কারণে মুনাফা কমেছে। একই কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এপেক্স স্পিনিং।

লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।

এপেক্স ফুডসের মুনাফা বেড়েছে ১২২%

অন্যদিকে, এপেক্স ফুডসের মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরে এই ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা।

ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ১২২ শতাংশ। একই সময়ে কোম্পানিটির এনএভিপিএসও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সায়। আগের অর্থবছরে যা ছিল ১২৬ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ১১৫ টাকা ৯২ পয়সা।

ইপিএসের এই বড় বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানিটি আয় বৃদ্ধিকে উল্লেখ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য এপেক্স ফুডসও শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।

এমআর/এফএ