Dhaka Mail Logo

অর্থনীতি

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২.৭৬ বিলিয়ন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

দেশে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৮ কোটি ডলার বা প্রায় ৩ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১০০ কোটি ৫০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল।

২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের অর্থবছর ২০২৪-২৫ সালে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

টিএই/এআর