জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম
কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা তৈরি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, স্যানিটেশন এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডে ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে দেওয়া হবে ৫০০ কোটি টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিকেএসএফ ভবন-১-এ সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা তৈরির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কর্মকাণ্ডে এ অর্থায়ন করা হবে।
পিকেএসএফ জানিয়েছে, এ অর্থায়নের মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য রয়েছে।
এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরকারি বরাদ্দের ৫০০ কোটি টাকা দিয়ে বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম চালু করছে পিকেএসএফ। এ কর্মসূচির আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য সৌরশক্তি নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।
একই সভায় পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়।
পিকেএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
টিএই/এআর