নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
বাংলাদেশ ও স্পেনের মালাগা অঞ্চলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশের অন্যান্য সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারণ এবং প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে উভয়পক্ষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্পেনের মালাগায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং মালাগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মালাগা চেম্বারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন। অন্যদিকে, এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।
বৈঠকে জানানো হয়, বর্তমানে মালাগা অঞ্চলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯৭ শতাংশই তৈরি পোশাক। ফলে একক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের অন্যান্য সম্ভাবনাময় ও মানসম্পন্ন পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক মালাগার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে বলেন, সফরের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন উদীয়মান খাতের সম্ভাবনা সরেজমিনে দেখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের ওষুধ, সিরামিক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য মালাগার বাজারে আমদানির আহ্বান জানান তিনি।
বৈঠকে মালাগা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন তাদের প্রযুক্তিগত সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের মালাগা থেকে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবা আমদানির পাশাপাশি এ খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় মালাগার বিশ্বখ্যাত প্রযুক্তি পার্কের অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা। প্রযুক্তি খাতে অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা বিনিময়ের পাশাপাশি কৃষি খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ যৌথ অংশীদারত্বের ভিত্তিতে বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এফবিসিসিআই ও মালাগা চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য, স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মালাগা। পর্যটন ও বন্দরনির্ভর অর্থনীতির পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন খাতেও শহরটির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।
বৈঠকে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, মালাগা অফিসিয়াল চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, সার্ভিসেস অ্যান্ড নেভিগেশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস্থার মার্তিনেজ রেয়েসসহ স্পেন সফররত এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য এবং মালাগা চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআর/এএম