Dhaka Mail Logo

অর্থনীতি

ডাবল সেঞ্চুরি শিমের, নাগালের বাইরে বেশিরভাগ সবজির দাম 

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

শীতের আগমনী সবজি শিম এবার বাজারে যেন দামের দৌঁড়ে সবার আগে। রাজধানীর মিরপুর, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা পর্যন্ত।  আর বাজারের বাইরে রাস্তার পাশের ভ্যানে সেই শিমের দাম উঠেছে ২২০ টাকা। অর্থাৎ এক কেজি শিম কিনতেই ক্রেতাকে গুনতে হচ্ছে দুই শতাধিক টাকা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসব এলাকার বাজারে ঘুরে এসব চিত্র দেখা গেছে। সকালে মিরপুর, কাজীপাড়া ও শেওড়াপাড়ার বিভিন্ন বাজার ও সড়কের পাশের ভ্যানঘুরে দেখা যায়, মৌসুমি সবজির সরবরাহ থাকলেও অনেক সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। 

বাজারের ভেতরে যে দামে সবজি বিক্রি হচ্ছে, একই সবজি রাস্তার পাশের ভ্যান বা ছোট বিক্রয়কেন্দ্রে আরও বেশি দামে বিক্রি হচ্ছে।

শুধু শিম নয়, রাজধানীর এসব এলাকার বাজারে বেশির ভাগ সবজির দামই চড়া। প্রতি কেজি টমেটো ১০০ টাকা, বেগুন ১০০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৭০ টাকা, মূলা ৬০ টাকা, পটোল ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা এবং বরবটি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৮০ টাকা পর্যন্ত।

Screenshot_2026-09-25_122351

বিক্রেতারা বলছেন, শিমের সরবরাহ এখনো স্বাভাবিক পর্যায়ে না আসায় এর দাম বেশি। এর সঙ্গে পরিবহন ও বাজারে পণ্য আনার খরচ বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে তার প্রভাব পড়ছে। ফলে বাজারে আসার পর কয়েক দফা হাতবদলের কারণে দাম আরও বাড়ছে।

মিরপুর ৬ বাজারে কথা হয় কাঁচাবাজার করতে আসা ক্রেতা মামুন অর রশিদের সঙ্গে। তিনি বলেন, কয়েক দিন আগেও শিমের দাম তুলনামূলক কম ছিল। এখন প্রতি কেজি ২০০ টাকা চাওয়া হচ্ছে। রাস্তার পাশের ভ্যান থেকে কিনতে গেলে আরও বেশি দাম দিতে হচ্ছে। অন্যান্য সবজির দামও খুব একটা কম নয়।

মিরপুর ৬ বাজারের বিক্রেতা মাইনুল হাসান বলেন, শিমের দাম বেশি থাকলেও ক্রেতাদের চাহিদা রয়েছে। তবে বেশি দামের কারণে অনেকে আগের তুলনায় কম পরিমাণে কিনছেন। এক কেজির বদলে আধা কেজি বা তারও কম নিয়ে বাড়ি ফিরছেন।

কাজীপাড়ার রাস্তার পাশে ভ্যানে সবজি বিক্রি করা বিক্রেতা জালাল উদ্দিন বলেন, আড়ত থেকে সবজি কিনে আনার পর পরিবহন, শ্রমিক ও অন্যান্য খরচ রয়েছে। তাই বাজারের ভেতরের দোকানের তুলনায় ভ্যানে কিছু সবজির দাম বেশি পড়ে। শিম ২২০ টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে।

এদিকে সাম্প্রতিক বাজার পর্যবেক্ষণেও শিমকে রাজধানীর তুলনামূলক বেশি দামের সবজিগুলোর একটি হিসেবে দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির দাম নির্ধারণে সরবরাহ, পরিবহন ব্যয় ও মৌসুমি উৎপাদন বড় ভূমিকা রাখে। সরবরাহ বাড়লে শিমসহ মৌসুমি সবজির দাম কিছুটা কমতে পারে। তবে এখন বাড়তি পরিবহন ও বাজারজাতকরণ ব্যয় থাকায় সেই সুবিধা ক্রেতারা পুরোপুরি পাচ্ছেন না।

ক্রেতাদের অভিযোগ, একসঙ্গে কয়েক ধরনের সবজির দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের বাজারের হিসাব সামলানো কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। ফলে অনেকেই পছন্দের সবজি কম পরিমাণে কিনছেন কিংবা তুলনামূলক কম দামের সবজি বেছে নিচ্ছেন।

এএইচ/এআরএম