নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম
সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে নিহতদের প্রত্যেক পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা দেওয়া তুলে হয়।
বিজিএমইএ’র মাধ্যমে এই আর্থিক সহায়তা দিয়েছে প্রীতি গ্রুপ। অনুষ্ঠানে বিজিএমইএ’র সহসভাপতি মো. রেজোয়ান সেলিম নিহতদের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন।
গত ২০ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন হতাহত হন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে শনাক্ত হওয়া চারজনের পরিবারকে প্রথম ধাপে এই সহায়তা দেওয়া হলো।
সহায়তা পাওয়া নিহতরা হলেন- মোহাম্মদ হানিফ (পিতা মো. আজিজুল হক), মো. সামছুল আলম (পিতা মকজলের রহমান), জয়নব বেগম (স্বামী মোহাম্মদ আলী) এবং মো. নজরুল ইসলাম (পিতা মৃত ইউনুস আলী)।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ’র সহসভাপতি মো. রেজোয়ান সেলিম বলেন, ‘যেকোনো শিল্প দুর্ঘটনাই আমাদের জন্য অত্যন্ত বেদনার। প্রীতি গ্রুপের কারখানায় সংঘটিত এই আকস্মিক বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক মূল্যে শোধন করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘তবে এই কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক দুর্দশা লাঘব করাকে বিজিএমইএ তার অন্যতম শীর্ষ অগ্রাধিকার মনে করে।’
বিজিএমইএ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত অন্যদের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়ার পর তাদের পরিবারকেও একইভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া নিহতদের পরিবারের কেউ চাকরি করতে চাইলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রীতি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ