নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এই প্রদর্শনীতে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এই মেলা শুরু হয়। চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলাটি আয়োজন করছে দেশটির এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন। এবারের মেলার প্রতিপাদ্য ‘Shaping Trust, Driving Resilience’।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ৪৫টি দেশ থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী ও ক্রেতার সমাগম প্রত্যাশা করা হচ্ছে। দুই হাজারের বেশি বুথে প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড।
এ ছাড়া পৃথক একটি বুথে ইপিবি ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের ব্রশিওর, প্রকাশনা ও প্রচারণামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
ইপিবি জানায়, আগামীকাল বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান।
এবারের আয়োজনে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খোঁজা এবং মেলার তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য মেলাটি আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরা ও নতুন রফতানি যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে।
এমআর/এএম