Dhaka Mail Logo

অর্থনীতি

জাপানের বাজারে পোশাক রফতানি বাড়াতে বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ‘জাপান ডেস্ক’ চালু করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ডেস্কের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

অনুষ্ঠানে জাপান দূতাবাস, জেট্রো ঢাকা অফিস, ঢাকা শো-কু-কাই, টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু করপোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ জানায়, জাপানের বাজারে পোশাক রফতানি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রায় এক বছর আগে বর্তমান বোর্ডের উদ্যোগে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হয়। 

কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং সমন্বয়কারী পরিচালক হিসেবে রয়েছেন পরিচালক মোহাম্মদ সোহেল। এরই ধারাবাহিকতায় বিজিএমইএ কার্যালয়ে জাপান ডেস্ক চালু করা হলো।

অনুষ্ঠানে বিজিএমইএর সামগ্রিক কার্যক্রমের ওপর উপস্থাপনা দেন সংগঠনের মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.)। জাপান ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন জাপান কমিটির উপদেষ্টা এবং ফুরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব এবং বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল।

স্বাগত বক্তব্যে জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান বাংলাদেশি পোশাক উদ্যোক্তা, বিশেষ করে বিপণন ও মার্চেন্ডাইজিং কর্মকর্তাদের জন্য জাপানের ভ্রমণ ভিসা সহজ করার বিষয়টি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান ডেস্ক চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন এ ডেস্ক দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। টেকসই প্রবৃদ্ধির জন্য রফতানি বহুমুখীকরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কোনো একটি খাত বা প্রচলিত কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকা সমীচীন নয়। তাই পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনাময় হওয়ায় এ সম্ভাবনা কাজে লাগাতেই জাপান ডেস্ক চালু করা হয়েছে।

তিনি বলেন, জাপানের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে স্বল্পতম সময়ে পণ্য সরবরাহ বা লিড টাইম নিশ্চিত করাই বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ।

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাংলাদেশের তৈরি পোশাক খাতের পরিবর্তন, নিরাপদ কর্মপরিবেশ ও কমপ্লায়েন্সের অগ্রগতির কথা তুলে ধরে জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্স ব্যবস্থার প্রশংসা করেন। তারা বলেন, দুই দেশের দীর্ঘদিনের আস্থার সম্পর্ক আগামী দিনে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে সহায়ক হবে। জাপান ডেস্কের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাপানি বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে উদ্যোক্তা ও অতিথিদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ জানিয়েছে, জাপান ডেস্ক জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ছোট ও মাঝারি আকারের অর্ডার ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজতর করা এবং দুই দেশের তৈরি পোশাক খাতের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

টিএই/এএইচ