নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
রাজশাহী ও ময়মনসিংহ নগর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা, পরিবহন ও কমিউনিটি অবকাঠামো উন্নয়ন এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার প্রস্তাব করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
তৃতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় এ ঋণ সহায়তার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৫ কোটি মার্কিন ডলার রেয়াতি ঋণ এবং ১০ কোটি মার্কিন ডলার সাধারণ মূলধন সম্পদ থেকে দেওয়ার কথা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এডিবির তথ্যপত্রে বলা হয়েছে, প্রকল্পটির মূল লক্ষ্য হলো রাজশাহী ও ময়মনসিংহের নির্বাচিত নগর অঞ্চলে জলবায়ু ও দুর্যোগ সহনশীল, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগরগুলোর বসবাসযোগ্যতা বাড়ানো।
একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে এই দুই নগর অঞ্চলের অভিযোজন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এডিবির তথ্য অনুযায়ী, প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো ময়মনসিংহ ও রাজশাহী নগর অঞ্চলে জনকেন্দ্রিক, জলবায়ু সহনশীল এবং টেকসই নগর বন্যা ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলা। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পরিবহন এবং কমিউনিটি অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া ময়মনসিংহ ও রাজশাহী নগর অঞ্চলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পটির ধারণাগত অনুমোদন দেওয়া হয় ২০২৪ সালের ২ জুলাই। এরপর ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের তথ্য অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়।
প্রকল্পে রেয়াতি সাধারণ মূলধন সম্পদ থেকে ৫ কোটি মার্কিন ডলার এবং সাধারণ মূলধন সম্পদ থেকে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত ঋণের পরিমাণ ১৫ কোটি মার্কিন ডলার।
এএইচ/এএইচ