Dhaka Mail Logo

অর্থনীতি

২৮ সেপ্টেম্বর থেকে ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত: ডিএসই

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

পুঁজিবাজারে পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর।

এতে ১৭ হাজার ৯২৫ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর মধ্যে ১৭ হাজার ৩৩২ জন বা প্রায় ৯৭ শতাংশ তাদের বিনিয়োগের পুরো অর্থ ফেরত পাবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় যেসব বিনিয়োগকারীর পাওনা ৫ লাখ টাকা পর্যন্ত, তাদের বিনিয়োগের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

ডিএসই চেয়ারম্যান জানান, এ কার্যক্রম শুরু হলে ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারী, যা মোট ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর প্রায় ৯৭ শতাংশ, তাদের অর্থ পুরোপুরি ফেরত পাবেন।

মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে নতুন ও মানসম্মত কোম্পানি আনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নতুন সিকিউরিটিজ বাজারে আনার উদ্যোগ বাস্তবায়ন করা গেলে পুঁজিবাজারের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি গতি ধরে রাখা সম্ভব হবে।

এমআর/এএম