নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
শিল্পের কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ আমদানি, বিশেষায়িত পোশাক উৎপাদন এবং মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বেশ কিছু সুযোগ বাড়িয়েছে সরকার। একই সঙ্গে আমদানি প্রক্রিয়ায় ইলেকট্রনিকভাবে বিমা নথি দাখিল, বিশেষ ধরনের কৃত্রিম তন্তুর কাপড় আমদানি এবং বন্ড লাইসেন্সধারী শিল্পের লবণ আমদানির নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯-এর এসব সংশোধন আনা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত বিধানগুলো জারির দিন থেকেই কার্যকর হয়েছে।
সংশোধিত নীতিতে বেসরকারি আমদানিকারকদের পণ্য খালাসের সময় সাধারণ বিমা কর্পোরেশন, বাংলাদেশি বিমা কোম্পানি অথবা প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি বিমা কোম্পানির ইস্যু করা কভার নোট ও সংশ্লিষ্ট বিমা পলিসি কাস্টমস কর্তৃপক্ষের কাছে অনলাইনে ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিলের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া বিশেষ ধরনের তৈরি পোশাক উৎপাদনে ব্যবহৃত কৃত্রিম তন্তুর বিশেষ কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে। সিমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন আইটেম ও ফাংশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কাপড় আকৃতি ও সাইজ নির্বিশেষে সংশ্লিষ্ট সংগঠন বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশের ভিত্তিতে আমদানি করা যাবে।
সংশোধিত নীতিতে বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য রফতানির ক্ষেত্রেও কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির সুযোগ নির্ধারণ করা হয়েছে। নিশ্চিত ও অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র বা চুক্তিপত্রের ভিত্তিতে ব্যাক টু ব্যাক ঋণপত্র বা চুক্তিপত্রের বিপরীতে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) বা ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনুযায়ী নির্ধারিত পরিমাণ কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানি করা যাবে।
অন্যদিকে বন্ড লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানের লবণ আমদানির পরিমাণ নির্ধারণে কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদিত বার্ষিক প্রাপ্যতা ও প্রকৃত ব্যবহারের ভিত্তি নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পোষক কর্তৃপক্ষের সুপারিশ নেওয়ার প্রয়োজন হবে না।
শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, অনুমোদিত শিল্প প্রতিষ্ঠান আমদানি নিবন্ধন সনদ ছাড়াই শিল্প স্থাপনের প্রয়োজনে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করতে পারবে।
একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের ক্যাপিটাল মেশিনারিজ সচল ও উৎপাদনক্ষম রাখার জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আমদানি নীতি আদেশের বিভিন্ন ধারায় টিটি যুক্ত করা, বিনামূল্যে আমদানির বিধান স্পষ্ট করা এবং ইউডিতে উল্লেখিত কাঁচামাল সংগ্রহসহ কয়েকটি কারিগরি ও প্রশাসনিক সংশোধনও আনা হয়েছে।
এজেড