Dhaka Mail Logo

অর্থনীতি

এফবিসিসিআই’র প্রশাসকের সঙ্গে ইন্ডিয়ান ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আর জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। 

রোববার (২০ সেপ্টেম্বর) এফবিসিসিআই’র গুলশান কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে আলোকপাত করেন। 

এ সময় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডেপুটি হাইকমিশনার। 

তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তার দফতর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এ বিষয়ে এফবিসিসিআই’র নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা আহ্বান করেন তিনি।

ইন্ডিয়ান ডেপুটি হাইকমিশনার জানান, এই মুহুর্তে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশন দৈনিক প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।

এফবিসিসিআই’র প্রশাসক জানান, বাংলাদেশ-ইন্ডিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। 

উদীয়মান এবং সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বানও জানান মো. ফজলুল হক।

এমআর/এএইচ