নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই সন্তান সৈয়দ নাসিম মনজুর ও মুনিজে মনজুরের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হয়েছে। এর ফলে দুই সন্তানই বাবার রেখে যাওয়া এসব শেয়ারের ৫০ শতাংশ করে পেয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে।
এর মধ্যে ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি শেয়ার পেয়েছেন ছেলে সৈয়দ নাসিম মনজুর। একই পরিমাণ শেয়ার পেয়েছেন মেয়ে মুনিজে মনজুর।
সৈয়দ নাসিম মনজুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন পরিচালক। অন্যদিকে মুনিজে মনজুর ব্যাংকটির একজন উদ্যোক্তা। নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে শেয়ারগুলো দুই নমিনির সংশ্লিষ্ট হিসাবে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডেও সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার দুই উত্তরাধিকারী সন্তানের মধ্যে হস্তান্তর করা হয়।
এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মনজুর এলাহী।
এমআর/এফএ