Dhaka Mail Logo

অর্থনীতি

বন্ধ শিল্প পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ এর আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে সাত শতাংশ। একই সঙ্গে ঋণগ্রহীতাদের ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য ব্যাংকগুলোকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে প্রাক-অর্থায়ন দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া এই প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে চার শতাংশ হারে সুদ দিতে হবে।

তবে প্রাক-অর্থায়ন নেওয়ার পর প্রথম ছয় মাস এ সুদ পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ড শেষ হলে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে। এ সময় প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।

অন্যদিকে, স্কিমের আওতায় ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেবে, তার সুদহার সর্বোচ্চ সাত শতাংশ নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের ক্ষেত্রেও ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস কোনো সুদ আদায় করা যাবে না। গ্রেস পিরিয়ড শেষে সুদ আদায় শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও আদায় করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমটির মেয়াদকালীন তিন বছরের মধ্যে যেকোনো সময় ব্যাংকগুলো প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ স্কিমের সুবিধা নিতে আগ্রহী ব্যাংকগুলো তিন বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করার সুযোগ পাবে।

স্কিমের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ঋণের ব্যবহার ও আদায় পরিস্থিতি তদারক করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর নির্ধারিত নিয়মে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সুদ পরিশোধের হিসাব নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে দেওয়া নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

টিএই/এফএ