Dhaka Mail Logo

অর্থনীতি

প্রতিনিধি পরিচালক হতে ধারক কোম্পানির ন্যূনতম মালিকানা বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার পাশাপাশি ওই কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ শেয়ার মালিকানা থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের (নেট ওয়ার্থ) চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানি নির্ধারিত সীমার বেশি শেয়ার ধারণ করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে অবশ্যই সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। একই সঙ্গে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতিনিধি পরিচালক হওয়ার আগে তার নিজের নামে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।

প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় ওই ন্যূনতম শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। অর্থাৎ প্রতিনিধি পরিচালক হওয়ার পরও সংশ্লিষ্ট কোম্পানিতে নির্ধারিত পরিমাণ শেয়ার মালিকানা ধরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। এ জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্র জমা দিতে হবে।

সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

টিএই/এআরএম