নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশের তৈরি পোশাক শিল্পের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’ আবারো ফিরছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো-২০২৬ এর রজতজয়ন্তী সংস্করণ আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিজিএমইএ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের লোগো উন্মোচন করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ জানায়, এবারের বাটেক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশের পোশাক শিল্পের রূপান্তর, নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশবান্ধব উৎপাদন এবং উচ্চমূল্যের প্রযুক্তিনির্ভর পোশাক পণ্যের সক্ষমতা বিশ্ববাজারে তুলে ধরা। আয়োজনে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব, সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন, ফ্যাশন রানওয়ে এবং সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা প্রতিনিধি ও ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের অংশ নেওয়ার কথা রয়েছে। বাটেক্সপোর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে পোশাক সোর্সিং প্রতিষ্ঠান পিডিএসআই।
এ ছাড়া নতুন বাজার সম্প্রসারণে আগামী ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো ২০২৬’ আয়োজন করবে বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশ। পাশাপাশি জাপানের বাজারে রফতানি বাড়াতে বিজিএমইএ-জাপান ডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী ২৩ সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রদূত উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ পোশাক খাতের জন্য জ্বালানি নিরাপত্তা, এলডিসি উত্তরণ-পরবর্তী নীতি সহায়তা, কাস্টমস-বন্ড ব্যবস্থার সংস্কার, পণ্য বহুমুখীকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
এমআর/এফএ