জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় সরবরাহকারীর পাওনা বিল ২৭০ দিনের বেশি সময় বকেয়া থাকলে রফতানি উন্নয়ন তহবিল থেকে ঋণ দেওয়া যাবে না। রফতানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে তহবিলের অর্থায়নের ক্ষেত্রে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, রফতানিকারক বা রফতানিমুখী প্রতিষ্ঠানের পক্ষে ব্যাক-টু-ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রে স্থানীয় সরবরাহকারীর বিল পরিশোধের সময়সীমা বিবেচনায় নিতে হবে।
এর আগে জারি করা নির্দেশনা অনুযায়ী, ব্যাক-টু-ব্যাক ঋণপত্র সর্বোচ্চ ২৭০ দিন মেয়াদে বিলম্বিত পরিশোধ পদ্ধতিতে খোলা যায়। এ সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে রফতানি উন্নয়ন তহবিলের অর্থায়নের ক্ষেত্রেও স্থানীয় সরবরাহকারীর পাওনা বিল ২৭০ দিনের বেশি সময় অপরিশোধিত থাকা যাবে না।
বাংলাদেশ ব্যাংক বলেছে, রফতানি উন্নয়ন তহবিলের ঋণের জন্য আবেদন করার আগে অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে সংশ্লিষ্ট রফতানি মুখী প্রতিষ্ঠানের ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় সরবরাহকারীর পাওনা বিলের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হবে।
যোগ্য রফতানি মুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির জন্য তহবিলের অর্থায়ন দেওয়ার ক্ষেত্রে এই শর্ত অনুসরণ করতে হবে। এ বিষয়ে আগের জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
টিএই/এমআই