নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
দেশে গ্যাসের চাহিদা মেটাতে আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এবার প্রতি এমএমবিটিইউ এলএনজির সর্বোচ্চ দাম নির্ধারণ হয়েছে ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার।
এর আগে ২ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার এবং ২৪ আগস্ট ২৪ দশমিক ৬৩ ডলার দরে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ তিন সপ্তাহের ব্যবধানে এলএনজির সর্বোচ্চ ক্রয়মূল্য বেড়েছে ৫ দশমিক ১৭ ডলার।
রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৪৪তম সভায় এলএনজি কেনার এসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মোট তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এবং সরাসরি ক্রয় প্রক্রিয়ায় চার কার্গোসহ মোট ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় পাঁচটি কার্গোর মধ্যে দুটি কার্গো কেনার প্রস্তাব রয়েছে। সরকারি ক্রয়বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর (ক) অনুসরণ করে এসব প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ৯ থেকে ১০ অক্টোবর ৫২তম কার্গো, ১২ থেকে ১৩ অক্টোবর ৫৩তম, ১৪ থেকে ১৫ অক্টোবর ৫৪তম, ১৫ থেকে ১৬ অক্টোবর ৫৫তম এবং ২৭ থেকে ২৮ অক্টোবর ৫৬তম কার্গো সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৫২তম কার্গোর জন্য যুক্তরাজ্যের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার।
অন্যদিকে, ৫৬তম কার্গোর জন্য সিঙ্গাপুরের ভিটাল এশিয়া পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ ডলার।
এ ছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার জন্য যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেডের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১৭ ডলার।
আর যুক্তরাষ্ট্রের মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। এসব কার্গোর প্রতি এমএমবিটিইউ দাম ১৯ ডলার।
সরকারি নথি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনার খরচ ধারাবাহিকভাবে বাড়ছে। ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ ডলার দরে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল।
এর মাত্র এক সপ্তাহ পর, ২ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার দরে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। এবার সর্বোচ্চ ক্রয়মূল্য দাঁড়াল ২৯ দশমিক ৭৯৫ ডলারে।
অর্থাৎ ২৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে এলএনজির সর্বোচ্চ ক্রয়মূল্য বেড়েছে ৫ দশমিক ১৭ ডলার।
এর আগে গত বছরের ডিসেম্বরেও সরকার প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারের কম দামে কিনতে পেরেছিল। সে হিসাবে কয়েক মাসের ব্যবধানে এলএনজির ক্রয়মূল্য প্রায় তিন গুণের কাছাকাছি পৌঁছেছে।
এমআর/এআর