জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
জ্বালানি সংকট কাটাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাসে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। গ্যাস কূপ খনন ও সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিয়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে দুই, তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এতে সংকটের টেকসই সমাধানের আশা করছেন ব্যবসায়ীরা।
এছাড়া দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদও এসেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১ জন শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানানো হয়।
গ্যাস কূপ খননে চলমান কার্যক্রমের পাশাপাশি সৌরবিদ্যুতে (সোলার) বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠক শেষে এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক বলেন, আগামী দিনে জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আলোচনা শেষে ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে ফিরছেন। এই স্বস্তি দীর্ঘমেয়াদী হবে বলেও তিনি বিশ্বাস করেন।
অন্যদিকে, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো খুব অল্প সময়ে সমাধান করা কঠিন। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।
বিইউ/এমআর