জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক মোট ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গ্রাহক ব্যাংকে জমা থাকা অর্থ তুলে নেন। একই সময়ে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম দিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন।
৭ সেপ্টেম্বর ব্যাংকের ক্যাশে ৯৩ কোটি টাকা এবং আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা জমা হয়। অর্থাৎ, ওই দিন ব্যাংকে মোট ১৪১ কোটি টাকার অর্থপ্রবাহ ঘটে। এদিন ক্যাশ ও অন্যান্য মাধ্যমে মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।
দ্বিতীয় দিনে, অর্থাৎ ২ সেপ্টেম্বর করা আবেদনের বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক মোট ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। ওই দিন ব্যাংকের ক্যাশে ৯০ কোটি টাকা এবং বিইএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা জমা হয়। ফলে ওই দিন ব্যাংকে মোট ১৯৫ কোটি টাকার অর্থপ্রবাহ হয়। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়েছে।
এদিকে, ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে বুধবার তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। যেকোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই লেনদেন কার্যক্রম চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক তাঁদের জমা অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
টিএই/এআর