নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম। তবে মাছের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। বেশির ভাগ মাছের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো মাছের দাম আবার বেড়েছেও। ফলে সবজিতে কিছুটা স্বস্তি মিললেও মাছ কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া ও শ্যামবাজারের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ টাকা, পটল ৬০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৮০ টাকা, জালি কুমড়া ৭০ টাকা, লাউ ৩০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, কাঁচাকলা হালি ৪০ থেকে ৫০ টাকা এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৮০ টাকা এবং আদা ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম মান ও প্রকারভেদে ভিন্ন।

অন্যদিকে মাছের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে। মাঝারি আকারের ইলিশের কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। কই মাছ ৪০০ টাকা, রুই-কাতল ৩৫০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং শিং-টেংরা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া চিংড়ি মাছের দাম আকার ও মানভেদে ৭০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং কার্প জাতীয় মাছ ২৫০ থেকে ৪০০ টাকা কেজি। তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, শোল ৬০০ থেকে ৮০০ টাকা, গজার ৫০০ থেকে ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ৯০০ টাকা এবং রূপচাঁদা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি কৈয়ের কেজি ৭০০ থেকে ৯০০ টাকা এবং চিতল ৭০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
যাত্রাবাড়ী বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, আগের তুলনায় কয়েকটি সবজির দাম কমেছে। বাজারে সরবরাহও ভালো। তাই কিছু পণ্যের দাম কম রাখা যাচ্ছে। তবে সব সবজির দাম একসঙ্গে কমেনি।
শনিরআখড়ার মাছ বিক্রেতা সায়েম মিয়া বলেন, মাছের দাম কমার মতো তেমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সরবরাহ ও চাহিদার ওপর দাম নির্ভর করছে। ইলিশের দামও বেশ চড়া। বড় মাছের দামও ক্রেতাদের কাছে বেশি মনে হচ্ছে।

শ্যামবাজারে বাজার করতে আসা শামসুন্নাহার বলেন, সবজির দাম কিছুটা কমেছে, এটা ভালো। কিন্তু মাছের দাম তো কমেনি। মাছ কিনতে গেলে এখনো অনেক টাকা খরচ হচ্ছে। সবজিতে যে টাকা বাঁচছে, মাছ কিনতেই তার চেয়ে বেশি চলে যাচ্ছে।
আরেক ক্রেতা বলেন, বাজারে এসে কয়েকটি সবজির দাম শুনে কিছুটা স্বস্তি পেয়েছি। কিন্তু মাছের দোকানে গেলেই হিসাব বদলে যায়। ইলিশসহ ভালো মাছের দাম অনেক বেশি।
বিক্রেতারা বলছেন, সবজির ক্ষেত্রে সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে মাছের বাজারে সরবরাহ, চাহিদা, মাছের আকার ও মানসহ বিভিন্ন কারণে দাম এখনো তুলনামূলক বেশি।
ক্রেতাদের অভিযোগ, কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক বাজার খরচে তেমন স্বস্তি আসেনি। মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজার ব্যয়ে এর প্রভাব পড়ছে।
এমআর/এএস