জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।
উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণ করতে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
একইভাবে বিডিবিএল ও বেসিক ব্যাংকের এমডিদের ক্ষেত্রেও চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ।
সরকারের সিদ্ধান্তের পর চুক্তিপত্র ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।
টিএই/এআর