Dhaka Mail Logo

অর্থনীতি

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, ৭ মাসেই মিশবে মাটিতে

ঢাকা মেইল ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

পরিবেশবান্ধব কেনাকাটার উদ্যোগ হিসেবে শতভাগ বায়োডিগ্রেডেবল (পচনশীল) শপিং ব্যাগ চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগ ব্যবহারের পর প্রাকৃতিকভাবে সাত মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যায় এবং ক্ষতিকর কোনো অবশিষ্টাংশ রেখে যায় না।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই নতুন এই শপিং ব্যাগ চালু করা হয়েছে। এতে পলিথিন ও পলিস্টাইরিনের মতো পরিবেশের জন্য ক্ষতিকর কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে এমন উপকরণ ব্যবহার করা হয়েছে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাভাবিকভাবে পচে মাটির সঙ্গে মিশে যেতে পারে।

এপেক্স জানায়, ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য যাচাই করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। পৃথক পরীক্ষায় ব্যাগগুলোর পরিবেশবান্ধব বৈশিষ্ট্য মূল্যায়ন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই ব্যাগ ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা দৈনন্দিন কেনাকাটায় পরিবেশবান্ধব একটি বিকল্প পাবেন। ব্যবহারের পর ব্যাগটি পরিবেশে দীর্ঘস্থায়ী প্লাস্টিক বর্জ্য তৈরি করবে না।

এপেক্সের মতে, বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ চালুর উদ্যোগটি তাদের পরিবেশ ও টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ। এর আগে প্রতিষ্ঠানটি ব্যবহৃত সিনথেটিক উপকরণ পুনর্ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানিসাশ্রয়ী অবকাঠামো গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, এসব উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের পরিবেশগত প্রভাব কমানোর পাশাপাশি দায়িত্বশীল ও টেকসই চর্চা বিস্তারে কাজ করছে তারা।

এমআই