Dhaka Mail Logo

অর্থনীতি

‘বেসরকারি খাতে ঋণপ্রবাহের নিম্নগতি বিনিয়োগ সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

দেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নানা প্রতিবন্ধকতার মধ্যে বেসরকারি খাতে ঋণপ্রবাহের নিম্নগতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে উল্লেখ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, ‘সরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ২৫ দশমিক ৯ শতাংশ হলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ মাত্র ৫ শতাংশে সীমাবদ্ধ। এ পরিস্থিতি বিনিয়োগ সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ।’

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তাসকিন বলেন, ‘২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৩ দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে বাণিজ্য বাধা, মধ্যপ্রাচ্যের চলমান সংকট, সরবরাহব্যবস্থায় প্রতিবন্ধকতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পণ্য পরিবহন ব্যয় দ্বিগুণ হওয়ার কারণে বিশ্বজুড়ে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।’

তিনি বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা, চামড়া, পাদুকা ও হোম টেক্সটাইল খাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা তিন বছর বাড়ানো, রফতানি সক্ষমতা বৃদ্ধিতে ১০টি নতুন খাতে শুল্কমুক্ত সুবিধা এবং কর ব্যবস্থাপনা ও শুল্কায়ন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্প্রসারণ উল্লেখযোগ্য।’

তবে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহের ধীরগতি বিনিয়োগের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তাসকিন। তার মতে, ‘দীর্ঘমেয়াদে ব্যাংক-নির্ভরতা কমাতে পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে। একইসঙ্গে রফতানিতে সময় ও ব্যয় কমাতে শিল্পাঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা জরুরি।’

সিএমএসএমই খাতেও ঋণপ্রবাহের ঘাটতি রয়েছে বলে জানান ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা ২৫ শতাংশ হলেও প্রকৃত ঋণপ্রবাহ ১৬ দশমিক ৮ শতাংশে আটকে আছে। ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় এ খাতে খেলাপি ঋণের হারও বেড়ে ২৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।’

এ পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত জামানত-নির্ভর ঋণব্যবস্থার পরিবর্তে ডিজিটাল স্কোরিংয়ের মাধ্যমে ঋণ দেওয়ার প্রস্তাব করেন তাসকীন আহমেদ। পাশাপাশি উদ্যোক্তাদের সাশ্রয়ী যন্ত্রপাতি কেনার জন্য বিশেষ তহবিল গঠনেরও পরামর্শ দেন তিনি।

এসময় জ্বালানি সংকট মোকাবিলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সৌরচালিত সেচব্যবস্থায় বিনিয়োগে স্বল্পসুদের ঋণ চালুর প্রস্তাবও দেন ডিসিসিআই সভাপতি। একইসঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে অপ্রয়োজনীয় ভর্তুকির চাপ কমানো, দীর্ঘমেয়াদে স্থিতিশীল বিদ্যুৎ মূল্য নিশ্চিত করা এবং জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়িয়ে সমুদ্রভিত্তিক তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদারেরও প্রস্তাব দেন তাসকীন আহমেদ।

এমআর/এএইচ