Dhaka Mail Logo

অর্থনীতি

স্বর্ণের দামে বড় লাফ, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Gold-dhakamail-_20251223_075028451_20261229_074423230_20260113_075854167_20260128_112519549_20260724_105630864_20260806_111136055

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বলেছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকার ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে সর্বশেষ গত ২০ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

Gold_ornaments-iii_20251115_205329661_20260304_110227737_20260724_105437274_20260806_111127284

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৪ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

চলতি বছর এ নিয়ে ৬৪ বার রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।

এমআই