জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম
এনসিসি ব্যাংক পিএলসির ২০টি প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৭ আগস্ট এ অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পরিপালন করে এসব শাখাকে ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করা হবে।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশিকার সেকশন-২-এর ক্লজ-সি অনুযায়ী শাখাগুলোকে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এনসিসি ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের শর্ত পূরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এরপর অন্যান্য প্রযোজ্য নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করে শাখাগুলো রূপান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা ১২ শতাংশ।
অন্যদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৫ পয়সা বা ৫ শতাংশ।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং শেয়ারে রাখা প্রভিশনের একটি অংশ পুনরুদ্ধার হওয়ায় চলতি সময়ে ইপিএস বেড়েছে। গত ৩০ জুন শেষে এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সা।
টিএই/এএইচ