Dhaka Mail Logo

অর্থনীতি

অনুমোদন পায়নি দুই অয়েল ট্যাংকার প্রকল্প, যাচাই-বাছাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমাতে ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়নি। প্রকল্পটি আরও যাচাই-বাছাই করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি আলোচনায় আসে।

সভা সূত্রে জানা গেছে, প্রকল্পের ব্যয়, জাহাজ সংগ্রহের পদ্ধতি এবং আর্থিক যৌক্তিকতা নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মত দেন প্রধানমন্ত্রী। এরপরই প্রকল্পটি অনুমোদন না দিয়ে পুনরায় যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়।

Eknek
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আওতায় প্রকল্পটির মাধ্যমে ৪০ থেকে ৫৫ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার দুটি মিডিয়াম রেঞ্জ প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার পরিকল্পনা ছিল। এর লক্ষ্য ছিল জ্বালানি তেল পরিবহনে নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং বিদেশি ভাড়ায় বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় সংশোধন ও পর্যালোচনা শেষে প্রকল্পটি ভবিষ্যতের একনেক সভায় আবারও উপস্থাপন করা হতে পারে।

এএইচ/জেবি