Dhaka Mail Logo

অর্থনীতি

একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১১ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসনের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। এছাড়া একটি প্রকল্পে সংস্থার নিজস্ব অর্থায়নও রয়েছে।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজের অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণ, ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণের সংশোধনী, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার ক্রয়, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ধরলা নদীর ডান তীর সংরক্ষণ, সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণ এবং তুরাগ নদী ও গোড়ানচটবাড়ী রিটেনশন পণ্ড সংরক্ষণ প্রকল্প।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ, জামালপুরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ডেসকো এলাকার বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও সভায় আলোচনায় রয়েছে।

সভায় প্রকল্পগুলোর ব্যয়, অর্থায়ন কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা শেষে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এএইচ/এমআই