নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম
সরকারের প্রথম ছয় মাসকে চূড়ান্তভাবে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় মনে করছে না বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। তবে ব্যবসা পরিচালনা সহজ করা, বেসরকারি খাতকে সহায়তা এবং অর্থনীতির গতিধারা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম নিয়ে এমন প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘কোনো সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট সময় নয়। তারপরও ব্যবসা পরিচালনা সহজ করা এবং অর্থনীতির গতি ফিরিয়ে আনতে নতুন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।’
বেসরকারি খাতকে সহায়তায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিকেএমইএ। এরমধ্যে রুগ্ণ, আংশিক বন্ধ ও বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করতে পুনঃঅর্থায়নের মাধ্যমে প্রণোদনা প্যাকেজ দেওয়ার উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংগঠনটি।
এছাড়া ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু নীতিগত বিষয় সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ হাতেম।
আংশিক রপ্তানিমুখী ও বন্ড সুবিধাবিহীন রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ।
মোহাম্মদ হাতেম বলেন, ‘সরকারের এ সিদ্ধান্ত রপ্তানিকারকদের জন্য অনেক সহায়ক হবে। এতে কাঁচামাল আমদানি সহজ হওয়ার পাশাপাশি রপ্তানিকারকদের কার্যক্রম পরিচালনাও সহজ হবে।’
করনীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগকেও ব্যবসা ও বিনিয়োগবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
বর্তমানে শিল্প খাতের জন্য গ্যাস ও বিদ্যুৎ সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিকেএমইএ।
সংগঠনটির মতে, এসব সমস্যা দীর্ঘদিনের এবং বর্তমান সরকার আগের সরকারের কাছ থেকে এসব চ্যালেঞ্জ উত্তরাধিকারসূত্রে পেয়েছে। ফলে স্বল্প সময়ে এর পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়।
তবে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী স্বল্পমেয়াদে বেশ কিছু তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন বলে জানান মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগের কথাও তুলে ধরেছে বিকেএমইএ।
মোহাম্মদ হাতেম বলেন, ‘এলএনজি সংকট সমাধানের কোনো শর্টকাট নেই। নতুন একটি এফএসআরইউ স্থাপনে প্রায় দুই বছর সময় লাগবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই বছরের মধ্যে গ্যাস সংকটের সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’
সরকারের এসব উদ্যোগের অংশ হিসেবে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিলেও ব্যাংকিং খাতের সমস্যাগুলো এখনো পুরোপুরি সমাধান হয়নি বলে মনে করছে বিকেএমইএ।
মোহাম্মদ হাতেম বলেন, ‘ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। তবে এখনো বেশ কিছু সমস্যা রয়ে গেছে।’
এসময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কিছুটা অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সামগ্রিকভাবে সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে বলে মনে করছে বিকেএমইএ। সংগঠনটির আশা, সরকারের নেওয়া উদ্যোগগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে গ্যাস-বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের সমস্যা ও ব্যবসার পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো সমাধান করা সম্ভব হবে।
মোহাম্মদ হাতেম বলেন, সামগ্রিকভাবে আমরা দেখছি, সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি, তারা দীর্ঘমেয়াদে এসব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
এমআর/এএম