Dhaka Mail Logo

অর্থনীতি

জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

দেশের সব জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও নিয়োগের বৈধতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এজন্য জীবন বিমা কোম্পানির সিইওদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং নিয়োগ অনুমোদনের নথি চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পালের সই করা এক জরুরি চিঠিতে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের এসব তথ্য ও নথি জমা দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব জীবন বিমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং সিইও হিসেবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের দেওয়া অনুমোদনের সব প্রমাণক আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

পাশাপাশি নির্ধারিত একটি গুগল ফরমের মাধ্যমে সিইওদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। যার মাধ্যমে জীবন বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের তথ্য নিয়ে একটি ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে আইডিআরএ।

খাতসংশ্লিষ্ট সূত্র জানায়, সিইওদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং নিয়োগের অনুমোদন যাচাইয়ের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার শর্ত যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না, তা যাচাই করবে নিয়ন্ত্রক সংস্থাটি।

নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কোনো সিইওর নিয়োগে বিধিবহির্ভূত কিছু রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমআর/এএম