নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হবে।
জানা গেছে, ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের প্রকল্প রয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও রয়েছে।
স্বাস্থ্য খাতে দুই প্রকল্প
ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ‘ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ নামের প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০৩০ পর্যন্ত।
এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা। পুরো অর্থই সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এ ছাড়া দেশের ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাবও একনেকে উঠছে। মূল প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ৪২৮ কোটি ৭৫ লাখ ৩১ হাজার টাকা। প্রথম সংশোধনীতে ২০১ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
দুটি তেলবাহী জাহাজ কিনবে বিএসসি
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। দুটি জাহাজ কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা। পুরো অর্থ সরকারি অর্থায়নে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সেতু রক্ষণাবেক্ষণে আধুনিক প্রযুক্তি
সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০৩০ মেয়াদি এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ১০৭ কোটি ৯৭ লাখ টাকা।
ধরলার ভাঙন থেকে রক্ষা পাবে লালমনিরহাট
ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ‘ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা’ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৯৮ কোটি ৬৫ লাখ টাকা। পুরো অর্থ সরকারি অর্থায়নে ব্যয়ের প্রস্তাব রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ নির্মাণে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ৫৫৮ কোটি ৮৩ লাখ টাকা। এর পুরো অর্থ সরকারি অর্থায়নে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
তুরাগ ও রিটেনশন পন্ড সংরক্ষণে ৫৬৭ কোটি টাকা
ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদীর সুরক্ষা ও সংরক্ষণে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ‘মেট্রো ঢাকা প্রকল্প—গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়’ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ৪২৪ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
গ্রামীণ সড়কে প্রায় ৫ হাজার কোটি টাকা
আগামীকালের একনেক সভায় উপস্থাপিত ১১টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্পে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদি এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা। পুরো অর্থই সরকারি অর্থায়নে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। একক কোনো প্রকল্প হিসেবে আগামী একনেকে এটিতেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় হবে।
প্রাণিসম্পদ প্রকল্পে কমছে ব্যয়
‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ’ প্রকল্পটি তৃতীয় সংশোধনের জন্য একনেকে উঠছে। মূল প্রকল্পের মেয়াদ ছিল জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৩ পর্যন্ত। পরে মেয়াদ বাড়িয়ে জুন ২০২৭ পর্যন্ত করা হয়েছে। মূল প্রকল্পের ব্যয় ছিল ২২০ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকা। প্রথম সংশোধনে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৫২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা। তৃতীয় সংশোধনে ৪৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয় কমানোর প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
জামালপুরে সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যয় বাড়ছে
জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব একনেকে উঠছে। প্রকল্পটির মেয়াদ সেপ্টেম্বর ২০২১ থেকে জুন ২০২৭ পর্যন্ত। মূল প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ৫১১ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার টাকা। প্রথম সংশোধনে ব্যয় নির্ধারণ করা হয় ১ হাজার ৫১০ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা।
দ্বিতীয় সংশোধনে ১০১ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড।
ডেসকো এলাকায় বিদ্যুৎ অবকাঠামোয় ব্যয় বাড়ছে
ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাবও একনেকে উপস্থাপন করা হবে। মূল প্রকল্পের মেয়াদ ছিল এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত। সংশোধনের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে মার্চ ২০২৮ পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
মূল প্রকল্পের ব্যয় ছিল ২ হাজার ২৭২ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকা। প্রথম সংশোধনীতে ৬২৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সংশোধিত ব্যয় দাঁড়াবে ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ ৬৬ হাজার টাকা।
সংশোধিত অর্থায়ন কাঠামোয় সরকারি অর্থায়ন ৪৪২ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা, প্রকল্প ঋণ বা অনুদান ১ হাজার ৯৫১ কোটি ১৬ লাখ ৮৮ হাজার টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন বা অন্যান্য খাতে ৫০৬ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকা দেখানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি।
স্বাক্ষরিত নথি অনুযায়ী, আগামীকালের সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পগুলোর ব্যয়, মেয়াদ ও অর্থায়ন কাঠামো নিয়ে আলোচনা শেষে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এএইচ/এআর